ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের পোলো গ্রাউন্ডে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিজয় সংকল্প’ সভার সময় ব্যাপক চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই বিশাল জমায়েতে প্রায় ৪৫০ জনের মোবাইল ফোন চুরি হয়েছে। একই সঙ্গে মানিব্যাগসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও হারিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। প্রথমে তারা পোলো গ্রাউন্ড সংলগ্ন চিত্রা মোড়ে হিরাপুর ট্রাফিক গার্ডের সামনে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভকারীরা হিরাপুর থানার সামনে রাস্তা অবরোধ করে অবস্থান ধর্মঘটেও বসেন। আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপির আসানসোল মণ্ডল–১ সভাপতি সোমনাথ মণ্ডল।
তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর সভাতেই যদি এমন নিরাপত্তা ঘাটতি দেখা যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
তার দাবি, একটি সংঘবদ্ধ চক্র সভায় প্রবেশ করে সুযোগ বুঝে সাধারণ কর্মী-সমর্থকদের মোবাইল ও মূল্যবান সামগ্রী চুরি করেছে।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে প্রায় ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিছু চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আরও চুরি হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানানো হয়েছে।
পরবর্তীতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যাদের মোবাইল বা অন্যান্য জিনিস খোয়া গেছে, তাদেরকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।
হিরাপুর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় একাধিক অভিযোগ এরই মধ্যে নথিভুক্ত হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।