সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান একে ‘উদ্বিগ্ন ও অসহায়’ ট্রাম্পের বাগাড়ম্বর হিসেবে আখ্যা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি নিরসনে চুক্তির আহ্বান জানিয়ে ট্রাম্প যে সময়সীমা বেঁধে দেন, তা মানতে অস্বীকৃতি জানিয়ে পাল্টা কঠোর অবস্থান নিয়েছে ইরান।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলি আবদুল্লাহি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আগ্রাসন চালালে ইরান ধারাবাহিক ও ধ্বংসাত্মক পাল্টা হামলা চালাবে।

এদিকে সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের হামলা বিস্তৃত হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে।

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সময়সীমা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা বাড়ায়, তবে শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বিনিয়োগ সংশ্লিষ্ট স্থাপনাগুলোও পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে।

তেহরান দাবি করেছে, এমন প্রতিশোধ নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে এবং ইতোমধ্যে তারা সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে।

এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ইরানকে যুদ্ধ বন্ধে চুক্তি করতে এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। তিনি সতর্ক করে বলেন, এই সময়ের মধ্যে শর্ত না মানলে ইরানের ওপর আরও তীব্র হামলা চালানো হবে।

উল্লেখ্য, এর আগেও মার্চ মাসে একই ধরনের সময়সীমা ঘোষণা করেছিলেন ট্রাম্প, যা পরে বাড়ানো হয়। সর্বশেষ ঘোষিত সময়সীমা অনুযায়ী, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) রাত ৮টায় এ আলটিমেটাম শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতির খবরও পাওয়া যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102