সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রয়াত কমান্ডার কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তাদের গ্রিন কার্ড বাতিলের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সিদ্ধান্তের পর হামিদেহ সোলেমানি আফসার এবং তার মেয়েকে আটক করা হয়। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে জানানো হয়, হামিদেহ সোলেমানি আফসার এবং তার মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন। তবে তাদের কোথা থেকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, হামিদেহ সোলেমানি আফসার যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ইরানি শাসনব্যবস্থার পক্ষে প্রচার চালিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলার প্রশংসা করেছেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার গ্রিন কার্ড বাতিল করা হয়।

এ ছাড়া তার স্বামীর যুক্তরাষ্ট্রে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলেমানি। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

তবে সোলেমানির মেয়ে নারজেস সোলেমানি দাবি করেছেন, তাদের পরিবারের কেউ কখনো যুক্তরাষ্ট্রে বসবাস করেননি। তিনি আরও বলেন, তার বাবার কোনো ভাতিজি নেই, বরং দুইজন ভাতিজা রয়েছে।

এদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তাদের দেশে বসবাসের অনুমতি দেওয়া হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102