প্রায় ১৬৫ বছরের প্রথা ভেঙে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে মার্কিন ডলারের নোটে থাকবে তার উপস্থিতি। আমেরিকার ডলারে এতদিন পর্যন্ত থাকত দেশের ট্রেজারারের স্বাক্ষর। সঙ্গে থাকত মার্কিন অর্থ সচিবের স্বাক্ষরও। কিন্তু দীর্ঘদিনের সেই নিয়ম বদলে দিলেন ট্রাম্প। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকা অবস্থাতেই তিনি নিজের স্বাক্ষর যুক্ত করলেন দেশটির ডলারে।
মার্কিন প্রশাসনের মতে, ডলার নোটে ট্রাম্পের স্বাক্ষর থাকলে দেশের সাফল্য ও শক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরা সম্ভব হবে।
চলতি বছরের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। স্বাধীনতার বহু বছর পরে আমেরিকায় শুরু হয় ডলার বিল ছাপা। গত ১৬৫ বছর ধরে মার্কিন নোটে থাকত ট্রেজারার এবং অর্থ সচিবের স্বাক্ষর। তবে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সেই প্রথা ভেঙে দেওয়া হলো।
নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে মার্কিন নোটে থাকবে প্রেসিডেন্টের স্বাক্ষর, সঙ্গে থাকবে রাজস্ব সচিবের স্বাক্ষরও।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাম্পের তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করা হয়নি। তবে এ হলো প্রথমবার যখন মার্কিন নোটে তৎকালীন প্রেসিডেন্টের স্বাক্ষর থাকবে।