ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলার সাইনি থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি প্রয়াগরাজ থেকে ফতেপুরের উদ্দেশে যাচ্ছিল। এতে নারী ও শিশুসহ প্রায় ২৪ জন যাত্রী ছিলেন।
প্রয়াগরাজ রেঞ্জের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) জ্যোতি নারায়ণ জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।