ইরানে আজ রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা চালানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ ) ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ কথা বলেন।
পিট হেগসেথ জানান, আজ তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের চালানো হামলার সংখ্যা সর্বোচ্চ হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে এখন পর্যন্ত ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা তাদের মতে বড় একটি সাফল্য। গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংস করার পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানের ওপর আরও কঠোর হামলা চালানোর হুমকি দেন। এর মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের এমন মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ছয় হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
সেন্টকমের প্রকাশিত তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এদিকে ইসরাইলের সেনাবাহিনীও তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে। বিবিসি নিউজ ফার্সির বরাতে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর প্রায় পাঁচটা পর্যন্ত তীব্র বিমান হামলা চলেছে।
শুক্রবার সকালে আরাক ও কারাজ শহরে বিমান হামলার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।