বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতার মধ্যেই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
ইরানের এলিট প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র-সমর্থকদের জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। তবে এর বাইরে থাকা দেশগুলো অর্থাৎ যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্র নয়, সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা নেই।
আইআরজিসির মুখপাত্র কিওমার্স হায়দারি ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ–কে এ তথ্য জানান।
হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ। বিশ্বের মোট তেল ও এলপিজিবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে চলাচল করে। এ কারণেই এটিকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর ক্রুদের সতর্কবার্তা দিতে শুরু করে আইআরজিসি। কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনসের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।