ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন শ্রীঘর গ্রামে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে শ্রীঘর গ্রামের আরুশ মিয়ার কাছ থেকে নুরধন মিয়ার ছেলে শাহজাহান মিয়া এক লাখ টাকা ধার নেয়। সেই টাকা যথাসময়ে পরিশোধ না করা নিয়ে মঙ্গলবার আরুশ মিয়া ও নুরধন মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা দিতে না পারায় মঙ্গলবার রাতে আরস মিয়ার লোকজন শাহজাহান মিয়ার বাবা নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে রাতে গ্রামে উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘পরে সকালে তারা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’