যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এখন ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।
সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেছেন।
লারিজানি এক্স পোস্টে বলেছেন, ট্রাম্প তার ভ্রান্ত ধারণার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছেন। এখন আরও আমেরিকার নাগরিক হতাহতের আশঙ্কা করছেন তিনি।
লারিজানি বলেন, ট্রাম্প তার স্ব-নির্মিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে এখন ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপান্তরিত করেছেন এবং ইসরায়েলের ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষার জন্য আমেরিকার সৈন্যদের উৎসর্গ করেছেন। আমেরিকার সৈন্য এবং তাদের পরিবারই এর মূল্য বহন করবে। ইরান আত্মরক্ষা চালিয়ে যাবে।
এর আগে অন্য এক এক্স পোস্টে লারিজানি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা তারা আগ্রহী নন। এক বার্তায় তিনি কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার আলোচনায় বসব না।
রোববার মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান তাদের অবস্থানে নমনীয় হয়েছে।