লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪০ জন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ২০ জন দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণে এক উপশহরে ও বাকি ১১ জন লেবাননের দক্ষিণে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।’
সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিয়েহ) বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে।