মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার ইরানের মাটিতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
রোববার (১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ইরানের ওপর ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।
মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘প্রত্যাশার সীমার মধ্যেই’ ছিল।
যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টার-সদৃশ’ নীতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসনের যুদ্ধ’ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি অভিন্ন স্বার্থসম্পন্ন অন্যান্য দেশগুলোকেও দায়িত্ব নিতে হবে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী রোববার দাবি করেছে, তাদের বিমান বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পর তেহরানের কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালিয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়েছে।