ইরানের হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ট্রেন্ড।
ট্রেন্ড প্রতিবেদন অনুসারে, প্রদেশের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সহকারী আহমেদ নাফিসি স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলার সময় সকালে বিদ্যালয়ে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। তাদের মধ্যে অন্তত ৪০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহতদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।
উল্লেখ, গত ১৭ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার পারমানবিক আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানের নিকটবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ায় এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ১৫০টিরও বেশি বিমান মোতায়েন করে।
এরপর ২৬ ফেব্রুয়ারি জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অনুষ্ঠিত এ আলোচনাকে কূটনৈতিক সমাধানের শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছিল। তবে আলোচনায় কোনো চুক্তি হয়নি। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা বা কর্মসূচির ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানায়।