রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

প্রকাশ্যে ঘুরছেন একাধিক মামলার আসামি আ.লীগ নেতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বহু অঘটনঘটনপটীয়ান আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী গ্রেপ্তার এবং জনরোষের ভয়ে এলাকা ত্যাগ করলেও হঠাৎ করে তারা ফিরতে শুরু করেছেন। তাদের নামে জুলাই আন্দোলনের একাধিক মামলা থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে ঘুরছেন এবং গাড়িযোগে এলাকায় মহড়া দিচ্ছেন। এ নিয়ে জুলাই আন্দোলনকারীদের ভেতরকার প্রচণ্ড ক্ষোভ আছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনে খোদ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বকে দোষারোপ করা হচ্ছে।

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন লিটন মোল্লা শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কোনো এক সময় গড়িয়ারপাড় এলাকায় গাড়ি নিয়ে কর্মী-সমর্থকসমেত মহড়া দেন এবং এর বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে বরিশালের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক দেখা দেয়। একাধিক মামলার আসামি হয়েও কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিটন মোল্লা কীভাবে এলাকায় প্রকাশ্যে মহড়া দিলেন তা নিয়ে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানববন্দর থানা পুলিশকেও বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার মহড়ার বিষয়ে বিমানবন্দর থানা পুলিশ মিডিয়ায় দায়সারা বক্তব্য রাখলেও ইউনিয়নের তৃণমূল বিএনপিতে ক্ষোভ চরম আকারে বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের পদধারী একাধিক নেতা গত ১৬ বছর গোটা বরিশাল শহর দাপিয়ে বেড়িয়েছেন এবং দলীয় ব্যানারে বিভিন্ন অপকর্ম করা ও বিএনপি-জামায়াতসহ সাধারণ মানুষকে নিপিড়ন করে বিতর্কের শীর্ষ আছেন তারা একাধিক মামলায় অভিযুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরছেন। এ নিয়ে তৃণমূল বিএনপিতে ক্ষোভ থাকলেও নেতৃত্বসারির নেতাদের রহস্যজনক নীরবতা লক্ষ করা যাচ্ছে।

অভিযোগ আছে, সংশ্লিষ্ট থানা পুলিশও স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে এক ধরনের নমনীয়তা দেখাচ্ছেন। বিতর্কিত আওয়ামী লীগ নেতা কাশিপুরের চেয়ারম্যান লিটন মোল্লার ক্ষেত্রে পুলিশকে একটু বেশিমাত্রায় উদাসীন দেখা যাচ্ছে।

বিগত সময়ে মামলা-হামলার শিকার তৃণমূল বিএনপির নেতাকর্মীর অভিযোগ, বরিশাল শহরের উত্তর-পশ্চিম গড়িয়ারপাড় এলাকায় লিটন মোল্লা এবং তার ভাই কালাম মোল্লা গত ১৭ বছর এক ধরনের শাসন-শোষণ করেছেন। তাদের ভুমিদস্যুতা-চাঁদাবাজি এবং অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে বহু মানুষ হামলা-মামলার শিকার হয়েছেন। কিন্তু তাদের ক্ষমতার প্রভাবের কাছে কেউ মুখ খোলার সাহস দেখাননি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তারা দুই ভাইসহ বাহিনীর অপরাপর সদস্যরা জনরোষ এবং গ্রেপ্তার এড়াতে কিছুদিনের জন্য অন্তর্ধানে চলে যান। কিন্তু তারা পলাতক থাকলেও সরকারকে বিপদে ফেলতে বিভিন্ন মাধ্যম তৎপরতা অব্যাহত রাখেন।

বিভিন্ন সূত্র জানিয়েছে, আলোচিত সন্ত্রাসী লিটনের ভাই বরিশাল সিটির ৩০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কালাম মোল্লা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বলয়ের মধ্যে সন্ত্রাসীদের নিয়ে মশাল মিছিল করে নিজের শক্তি জানান দিয়েছেন। সেই ঘটনায় পুলিশ-প্রশাসন কজনকে গ্রেপ্তার করলেও কালাম মোল্লা এখনো পলাতক আছেন। এবার দীর্ঘ ১৮ মাস পরে প্রকাশ্যে মহড়া দিয়ে আলোচনায় এসেছেন তারই আপন ভাই কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মোল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাতে লিটন মোল্লা একটি প্রাইভেটকারযোগে গড়িয়ারপাড়ে আসেন। এবং তার সাথে স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপও ছিল। তারা বেশ কিছুক্ষণ ৩০ নং ওয়ার্ডের গড়িয়ারপাড়ে অবস্থান নিয়ে ছিলেন এবং কর্মী-সমর্থকদের উদ্দেশে বিশেষ দিক-নির্দেশনামূলক বক্তব্যও রাখেন। এ সময় সেখানে এক উত্তেজনাকর পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়, যার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আলোচিত সন্ত্রাসী লিটন মোল্লার এলাকায় উপস্থিতি সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী অবগত না থাকার বিষয়টি নিশ্চিত করলেও তৃণমূল বিএনপি অভিযোগ করেছে, আলোচিত জল কাদের মোল্লার তিন সন্তান কালাম মোল্লা, লিটন মোল্লা এবং মুন্না মোল্লা সকলেই অতীতে আওয়ামী লীগ শাসনামলে বহুমুখী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এবং জুলাই আন্দোলনে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়। এর পরে গণরোষ এবং পুলিশি হয়রানি এড়াতে তারা কিছুদিন আত্মগোপনে থাকলেও ধীরে ধীরে বিএনপির নেতৃত্বসারির নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলতে সক্ষম হন। শোনা যাচ্ছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তারা থানা পুলিশের সাথেও আপসরফা করেছেন, এই কারণে থানাসংলগ্ন তাদের বাসা হওয়া সত্ত্বেও পুলিশকে সেখানে অভিযান চালাতে দেখা যাচ্ছে না।

অবশ্য প্রতাপশালী এই পরিবারের সাথে যে বিমানবন্দর থানা পুলিশের ওসি মিজানুর রহমানের যোগাযোগের বিষয়টি শোনা যায়, তাও অমুলক বলছে না স্থানীয় বিএনপি কর্মীরা। কাশিপুর এলাকার বাসিন্দা বিএনপি কর্মী আবির আহমেদ রূপালী বাংলাদেশের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে তাদের তিন ভাইয়ের সন্ত্রাসের ভয়ংকর রূপ কাশিপুর-বাবুগঞ্জসহ আশপাশের মানুষ কিছুটা হলেও দেখেছে। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তারা একাধিক মামলায় অভিযুক্ত হয়েও সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়া দিচ্ছে, যা আতঙ্ক-উদ্বেগের বটে।

আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের এমন প্রত্যাবর্তনে বিএনপির কর্মীরা তাদের দলের ইউনিয়ন পর্যায়ে নেতৃত্বসারির নেতাদের দোষারোপ করেছেন। অনেকে বলছেন, নেতারা টাকার কাছে ম্যানেজ হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন, লোকবল এবং অর্থ দুটিতেই আওয়ামী লীগের নেতারা স্থানীয়ভাবে প্রভাবশালী। ফলে তাদের সাথে ঝামেলা না করে বিএনপি নেতারা সমঝোতা বা আপসরফার পথ বেচে নিচ্ছেন।

তবে লিটন মোল্লা বা কোনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এলাকায় মহড়া দেওয়ার বিষয়ে তেমন কিছু জানা নেই বলে দাবি করেছেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কবির ওয়াসিম। তার সাথে আপসরফার বিষয়টি অস্বীকার করে বলছেন, লিটন বা কালামের নামে একাধিক মামলা আছে, পুলিশ ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

তাহলে কি পুলিশের নির্লুপ্তায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা বাহিনী নিয়ে মহড়া দেওয়ার সাহস বা শক্তি প্রদর্শন করছেন, এমন প্রশ্নে উত্তরে ওয়াসিম বলেন, এই বিষয়ে তারাই ভালো বলতে পারেন।

পুলিশের সাথে লিটন মোল্লার সখ্যতার বিষয়টি অস্বীকার করেছেন বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ‘লিটন মোল্লা শুক্রবার রাতে গাড়িযোগে গড়িয়ারপাড়ে এসেছিলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এর আগেই স্থান ত্যাগ করায় তাকে আর আইনের আওতায় আনা সম্ভব হয়নি।’

বিভিন্ন সূত্রে অভিযোগ, লিটন মোল্লা নির্বাচনের পর থেকে এলাকায় ঘুরছেন এবং বাসায় রাত্রিযাপন করেন? এই প্রশ্নে ওসি মিজানুর রহমান রূপালী বাংলাদেশকে বলেন, পুলিশ তাকে গ্রেপ্তারে কাজ করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, ‘নিষিদ্ধ কোনো গোষ্ঠীকে সক্রিয় হতে দেওয়ার সুযোগ নেই। মাঠপুলিশকে এমন নির্দেশনা দেওয়া আছে। এক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্যর যদি গাফলতি দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102