ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক পরিস্থিতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানিয়েছেন, সমস্যা সমাধানে ওয়াশিংটন এখনো সামরিক শক্তি প্রয়োগ কিংবা সরকার পরিবর্তনের মতো কঠোর বিকল্পগুলো টেবিলে রেখেছে।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরান আলোচনার টেবিলে সততা প্রদর্শন করছে না। তিনি স্পষ্ট করে বলেন, “ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।” যদিও তিনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা জানাননি, তবে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন।
জেনেভায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকগুলো ফলপ্রসূ না হলেও মধ্যস্থতাকারী দেশ ওমান আশার আলো দেখছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি দাবি করেছেন, একটি টেকসই শান্তিচুক্তি এখনো নাগালের মধ্যেই রয়েছে। ইরান বোমা তৈরির উপযোগী উপাদান না রাখার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছে।
সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং জাতিসংঘের পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দিতে তেহরান প্রস্তুত।তবে ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ৪০০ কেজি ইউরেনিয়াম বিদেশে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে এবং নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রক্ষায় অনড় অবস্থানে রয়েছে।
কূটনৈতিক আলোচনার সমান্তরালে পেন্টাগন মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছে। বর্তমানে সেখানে দুটি বিমানবাহী রণতরীসহ শক্তিশালী নৌবহর মোতায়েন রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিছু পদক্ষেপ নিয়েছে, ইসরায়েল থেকে অ-জরুরি সরকারি কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণ মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই ইসরায়েল ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে যাচ্ছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসবেন। অন্যদিকে, ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) সদর দপ্তরে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চান না। তবে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনে সীমিত সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।