জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে নির্বাচনের দিন সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচনের দিন ট্রেন চলাচল বন্ধে কোনো বিশেষ নির্দেশনা আমরা পাইনি। এদিন বাংলাদেশ রেলওয়ের শিডিউল অনুযায়ী নিয়মিত যেসব ট্রেন চলাচলের কথা সেগুলো যথারীতি চলাচল করবে৷
সাজেদুল ইসলাম বলেন, সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে। একইভাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়ে যাবে।
এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ভোটের দিনও চলবে ঢাকা মেট্রোরেল। পাশাপাশি এদিন দেবে অতিরিক্ত ট্রিপও। মেট্রো কর্তৃপক্ষ বলছে, যারফলে ভোটার ও নগরবাসীর যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।