সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওর নিন্দা করেছেন। ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো হয়েছে। ভিডিওটি প্রকাশের পর তা ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

আফ্রিকান বংশোদ্ভূতদের মানবিক মর্যাদা খর্ব করার জন্য রিপাবলিকানরাও এর সমালোচনা করেছে।

রয়টার্স জানায়, হোয়াইট হাউস প্রথমে পোস্টটির পক্ষে সাফাই গেয়েছিল, তারপর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশের ১২ ঘণ্টা পরে এটি মুছে ফেলে।

পরে সাংবাদিকরা এ নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করেন। ট্রাম্প উত্তর দেন, তিনি অবশ্যই এই পোস্টটির নিন্দা জানান।

এদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, ‘হোয়াইট হাউসের একজন কর্মী ভুল করে পোস্টটি করেছিলেন। পরে এটি সরিয়ে ফেলা হয়।’

ট্রাম্পের একজন উপদেষ্টা এর আগে রয়টার্সকে জানান, বৃহস্পতিবার রাতে পোস্ট করার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ভিডিওটি দেখেননি এবং দেখার পর তা সরিয়ে ফেলার নির্দেশ দেন।

উভয় কর্মকর্তাই নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। হোয়াইট হাউস কর্মীর পরিচয় সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। ট্রাম্পের উপদেষ্টার মতে, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কেবল কয়েকজন সিনিয়র সহকারীর সরাসরি প্রবেশাধিকার রয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট কয়েক ঘণ্টা আগে পোস্টটির পক্ষে ছিলেন, তখন নেতিবাচক প্রতিক্রিয়ার এই ঢেউকে ‘মিথ্যা ক্ষোভ’ বলে বর্ণনা করেন।

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এক মিনিট দৈর্ঘ্যের এই ভিডিওটি শেয়ার করা হয়। এতে ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় জালিয়াতির কারণে হয়েছিল বলে দাবি করা হয়। ভিডিওটির শেষের দিকে একটি বানরের নৃত্যসংবলিত ক্লিপ দেখানো হয়েছে, যেখানে ওবামার মুখ বসানো ছিল। ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে মনে হয়েছে।

ওবামা পরিবারের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বর্ণবাদী বক্তব্য শেয়ার করার ইতিহাস ট্রাম্পের আগেও ছিল। তিনি দীর্ঘদিন ধরে একটি মিথ্যা ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসছেন যে, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি। বৃহস্পতিবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ওবামা ‘খুব খারাপ’ এবং ‘আমাদের দেশকে ভাগ করে ফেলেছেন’।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102