সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

তিন বছরের শ্যালিকাকে অপহরণ ও হত্যাচেষ্টা, ভগ্নিপতি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় ৩ বছরের শ্যালিকাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভগ্নিপতি রুহুল আমিন (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিশুটির বাবা মো. সিন্টু মিয়া (৩৮) জানান, প্রতিদিনের মতো গত ৩০ জানুয়ারি সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিন বছরের মেয়ে মারিয়া আক্তারকে শাশুড়ির জিম্মায় রেখে যান তারা। দুপুর আনুমানিক ১টার দিকে বাড়িতে ফিরে মারিয়া আক্তারকে না পেয়ে শাশুড়িকে জিজ্ঞাসা করলে জানা যায়, বড় মেয়ের স্বামী রুহুল আমিন শিশুটিকে ডেকে নিয়ে গেছে।

একপর্যায়ে স্থানীয় এক নারী প্রত্যক্ষদর্শী জানান, রুহুল আমিন শিশুটিকে বাড়ির সামনে নিয়ে যেতে দেখেছেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুহুল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, শিশুটিকে মারধর করে গলা চেপে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করার চেষ্টা করেন এবং আশুলিয়ার কবিরপুর বেতার কেন্দ্র এলাকার জঙ্গলে পাতা ও ডালপালার নিচে ফেলে রাখেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং তার দেখানো মতে আশুলিয়ার কবিরপুর এলাকায় জঙ্গলের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারকালে শিশুটির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উদ্ধার করার পর শিশুটি হঠাৎ চিৎকার দিয়ে আবার অচেতন হয়ে পড়ে। তখনো তার নিশ্বাস চলছিল। দ্রুত পুলিশের সহায়তায় তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

কাশিমপুর থানার পুলিশ জানায়, অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। শিশুটিকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102